লোহাগাড়া প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়া আয়েশা মসজিদের উন্নয়ন কাজের জন্য সরকারি বরাদ্দ প্রদান করা হয়েছে। সম্প্রতি মসজিদটির উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর পূর্বে এলাকাটি পরিদর্শন করেছেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘সার্বজনীন অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্পের আওতায় এই বরাদ্দ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এবং লোহাগাড়ার কৃতি সন্তান শাহাদাত হোসেন স্বাধীনের সার্বিক সহযোগিতায় এবং চরম্বা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, চরম্বা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শফিকুল আলম লিটনের ঐকান্তিক প্রচেষ্টায় মসজিদটির জন্য এই প্রকল্পটি অর্জিত হয়।
প্রকল্পের কাজ শুরুর প্রাক্কালে ২২ আগস্ট সকালে সরেজমিন পরিদর্শনে আসেন লোহাগাড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব, চরম্বা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শফিকুল আলম লিটনসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা এলজিইডির প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘সার্বজনীন অবকাঠামো উন্নয়ন-২’ প্রকল্পের অধীনে আতিয়ার পাড়া আয়েশা মসজিদের উন্নয়নের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খুব দ্রুতই এর নির্মাণ ও সংস্কার কাজ শুরু হবে।
এদিকে মসজিদের উন্নয়নকাজে সরকারি বরাদ্দ পাওয়ায় সংশ্লিষ্ট মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।
