চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সঙ্গে ফুটবল মাঠে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম প্রেসক্লাব। ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে অবশ্য জয় হয়েছে পুলিশেরই।
চট্টগ্রাম প্রেসক্লাবকে ৩-০ গোলে হারিয়ে প্রীতি ফুটবল ম্যাচের শিরোপা নিজেদের করে নেয় সিএমপি ফুটবল দল।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয় এ প্রীতি ম্যাচ।
মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতা, তবে পুরো আয়োজনজুড়ে ছিল ক্রীড়াসুলভ মনোভাব ও সৌহার্দ্যের আবহ।
ফুটবলকে কেন্দ্র করে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল নিয়ে মাঠে নামে সিএমপি দল। ধারাবাহিক আক্রমণে তারা চাপের মধ্যে ফেলে প্রেসক্লাবের রক্ষণভাগকে।
একের পর এক আক্রমণের ফলে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে ওঠে। ম্যাচের শেষ বাঁশি বাজার সময় সিএমপির জয় নিশ্চিত হয় ৩-০ গোলে।
ম্যাচের প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শুরুর আগে তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, উপদেষ্টা ওসমান গণি মনসুর, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ প্রেসক্লাবের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং ম্যাচ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাঠে ৩-০ গোলের জয় সিএমপির হলেও আয়োজনের বড় জয় ছিল দুই পক্ষের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিতে।
প্রতিদ্বন্দ্বিতার ৯০ মিনিট পেরিয়ে ফুটবলই হয়ে উঠেছিল পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক আরও কাছাকাছি আনার উপলক্ষ।
