ষুধে মেয়াদ নেই, অনুমোদনও নেই-আগ্রাবাদে দুই ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫০

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ সেপ্টেম্বর) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকায় পৃথক দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে ইউনিক ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং একেএস ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ফার্মেসি দুটিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

এর আগে গত ৩০ আগস্ট চট্টগ্রামের চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে তদারকি অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

তদারকির সময় প্রতিষ্ঠানটির মোড়কজাত পণ্যে প্যাকেটজাতকরণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি পাওয়া যায়।

একই সঙ্গে ‘ডোনা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার’ পণ্যটি বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল।

এসব অনিয়মের দায়ে চিটাগং ডেইরি ফুড ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার ওই জরিমানার টাকা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, ভোক্তার জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা অননুমোদিত ও ভেজাল পণ্য কোনোভাবেই বাজারজাত করতে দেওয়া হবে না।

পণ্যের মান, মেয়াদ, সঠিক লেবেলিং এবং অনুমোদনের বিষয়গুলো নিয়মিত তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।