সাড়ে ৫ লাখ টাকার সার মিয়ানমার পাচারের চেষ্টা, চট্টগ্রামে আটক ৩

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৭

চট্টগ্রামের হালিশহরের দবিরখাল এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ফিশিং বোটে তোলার সময় ১১ হাজার কেজি রাসায়নিক সার জব্দ করেছে কোস্ট গার্ড।

এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে চট্টগ্রামের হালিশহর থানাধীন দবিরখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম।

অভিযানের সময় একটি ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের ঘটনা নজরে আসে কোস্ট গার্ডের সদস্যদের।

পরে সেখানে অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ২২০ বস্তা, অর্থাৎ ১১ হাজার কেজি সার জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। আটক করা হয় তিনজন পাচারকারীকে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত ট্রাক এবং আটক তিন পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।