প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের বর্ণাঢ্য নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৬

চট্টগ্রাম প্রতিনিধি

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ‘স্প্রিং ২০২৬’ সেমিস্টারের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আনন্দ-উচ্ছ্বাস আর আবেগঘন আবহে এতে বিভাগের ৪৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “দেশের প্রথম অ্যাক্রেডিটেশন অর্জনকারী ইংরেজি বিভাগ হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির এই বিভাগটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এখানে অ্যাকাডেমিক পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমকে সমগুরুত্ব দেওয়া হয়।” বিদায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, কেবল পাঠ্যবইয়ের ফলাফলেই সীমাবদ্ধ থাকলে চলবে না; বর্তমান বিশ্বের প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক গুণে সমৃদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোসেন সিকদার বলেন, শিক্ষা শেষ হলেও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখতে পারেন। অন্যদিকে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র যুগেও সাহিত্য চর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাশীলতার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।

বিভাগীয় চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভাপতি তাঁর বক্তব্যে ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাসরুমের বাইরে খেলাধুলা ও সাম্প্রতিক বন্যায় সামাজিক ত্রাণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন এবং নবীনদের তা অনুসরণের পরামর্শ দেন।

৪১ ও ৪২তম ব্যাচের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব সঞ্চালনা করেন ৪১তম ব্যাচের শিক্ষার্থী ইরফান মালিক। অনুষ্ঠানে বিভাগের অষ্টম সেমিস্টারের উদ্যোগে প্রকাশিত শিক্ষার্থী স্মরণিকা ‘ব্রিকোলাজ’-এর মোড়ক উন্মোচন করা হয়, যার সম্পাদনায় ছিলেন সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, একক ও দলীয় গান এবং নৃত্যের জমকালো পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ব্যান্ড হিসেবে ‘ওয়ার্নিং’ গান পরিবেশন করে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহযোগী অধ্যাপক সাদাত জামান খান, ড. আবদুর রহিম, সহযোগী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন ও সহকারী অধ্যাপক সুমিত চৌধুরীসহ বিভাগের শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।