রেস্টুরেন্টের রান্নাঘরে অনিয়মের ছড়াছড়ি, দেওয়ানহাটে একদিনে তিন খাবার হোটেলকে জরিমানা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৫

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, বাসি খাবার বিক্রির জন্য রাখা এবং অননুমোদিত ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে তিন রেস্টুরেন্ট মালিককে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানহাট মোড় এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযানে গ্রান্ড তাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুত প্রক্রিয়ায় একাধিক অনিয়ম দেখতে পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অননুমোদিত ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচের ব্যবহার পাওয়া যায়। একই সঙ্গে পচা ও দুর্গন্ধযুক্ত খাদ্য ও পানীয় সংরক্ষণ এবং রান্না করা বাসি মুরগির চাপ, মুরগির মাংস, খিচুড়িসহ বিভিন্ন খাদ্যদ্রব্য অপরিচ্ছন্ন পরিবেশে রাখা ছিল।

শুধু তাই নয়, প্রতিষ্ঠানের ফ্রিজেও দেখা যায় অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণের চিত্র। সেখানে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একইভাবে রাখা হচ্ছিল।

একই অভিযানে আলিফ রেস্টুরেন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য রাখা এবং খাবারের মধ্যে তেলাপোকার বিচরণও দেখতে পান অভিযানে থাকা কর্মকর্তারা।

অন্যদিকে, রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণের দায়ে ক্যাফে আরমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাদ্যদ্রব্যে অননুমোদিত ক্ষতিকর রং ব্যবহার, পচা-বাসি খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে নিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, তদারকি কার্যক্রমের অংশ হিসেবে দেওয়ানহাট মোড় এলাকার বিভিন্ন ফলের দোকানেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানিদের স্বাস্থ্যসম্মতভাবে ফল সংরক্ষণ ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

খাদ্যপণ্যের মান, সংরক্ষণ পদ্ধতি ও পরিবেশ নিয়ে ভোক্তাদের উদ্বেগের মধ্যেই দেওয়ানহাটের এ অভিযান আবারও সামনে আনল নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের গুরুত্ব।

ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও খাবারের মান ও পরিবেশ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।