রায়হান সিকদার,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ আসন্ন পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট রণজয় মিত্র। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে পদুয়াবাসীর সেবক হতে চান তিনি।
১২সেপ্টেম্বর( শনিবার) বিকেলে লোহাগাড়ার বটতলী ষ্টেশনের একটি রেষ্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
পদুয়া ইউনিয়নবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় রণজয় মিত্র বলেন, চেয়ারম্যান হওয়া তাঁর কাছে ক্ষমতার বিষয় নয়; বরং জনগণের সেবা, অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ‘আইন ও সেবার সুশাসন, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন’ তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি।
রণজয় মিত্রের বাবা ডা. সাধন মিত্র ও মা রীতা মিত্র। বড় ভাই সনজয় মিত্র এবং ছোট ভাই অজয় মিত্র। রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থেকেও ছোটবেলা থেকেই জনসেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা জানিয়েছেন তিনি। এছাড়া কিশোর গ্যাং রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।
বাবা-মা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি করার সুবাদে ছোটবেলা থেকেই স্বেচ্ছাসেবী হিসেবে পোলিও টিকাদান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন রণজয়। বর্তমানে আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন বলেও জানান তিনি।
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে তথ্যপ্রযুক্তিনির্ভর করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
এ ছাড়া সালিশ-বিচারে নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা বজায় রেখে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি, গ্রামীণ সড়ক, পদুয়া তেওয়ারী হাটের উন্নয়ন, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে তাঁর।
শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার প্রসার ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলো সচল করার ওপর গুরুত্ব দিয়েছেন রণজয়।
নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আগামী পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী হিসেবে স্থানীয় তরুনসহ সকলের সর্বাত্তক সহযোগীতা চান। তাঁর মূল লক্ষ্য একটি আধুনিক, শিক্ষিত, স্বাস্থ্যসম্মত, দারিদ্র্যমুক্ত ও উন্নয়নমুখী পদুয়া ইউনিয়ন গড়ে তোলা।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ আলী,শিক্ষক মিথুন ধর, নোমান খালেদ,মো: জাহেদ শাহ, এনামুল হক, আব্দুস সাত্তার প্রমুখ।
