ডেভিড ইমন ও কালা মোবারক বাহিনীর সক্রিয় সদস্য ‘ডাবা হারুন’ গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২১

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের বিশেষ অভিযানে মো. হারুন প্রকাশ ‘ডাবা হারুন’ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, তিনি কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারক বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ফটিকছড়ি থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. হারুন প্রকাশ ‘ডাবা হারুন’ দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচনায় ছিলেন।

তিনি কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের হাজী চৌধুরী বাড়ির মো. বদিউল আলমের ছেলে।

সূত্রগুলোর দাবি, ডাবা হারুন কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারক বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর ফটিকছড়ি থানা-পুলিশের একটি বিশেষ দল মানিকপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। রাতের অভিযানে শেষ পর্যন্ত তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তিনি একটি ডাকাতি মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি।

গ্রেপ্তারের পর ডাবা হারুনকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ফটিকছড়ির দুর্গম এলাকাগুলোতে অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।