চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ যেন থামছেই না। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সঙ্গে যোগ হচ্ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
একই সময়ে নতুন করে ৮৭ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৩ জনে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনের একজন চিকিৎসাধীন ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) এবং অন্যজন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে।
সিএমসিএইচে মারা যাওয়া অর্পিতার বয়স ২৬ বছর। তিনি কোতোয়ালি এলাকার বাসিন্দা। ১০ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন ১১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।
চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, মাল্টিপল অর্গান ফেইলিউর (এমওএফ), ডিআইসি, সেপসিস ও আইইউডি-সহ এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে মারা যাওয়া শামসুন নাহার খানমের বয়স ৫০ বছর। তিনি আগ্রাবাদ হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা।
১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর সেদিনই জরুরি বিভাগে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির আগে করা পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল।
হাসপাতালের তথ্য অনুযায়ী, অপরিবর্তনীয় কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর, হাইপোভোলেমিক শক, এআরডিএস ও টাইপ-১ রেসপিরেটরি ফেইলিউরকে তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১০ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) ১০৫ জন, বিআইটিআইডিতে ৩৫ জন, ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, সিএমএইচে ৪ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৪২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৭৩ জন।
ডেঙ্গুর সঙ্গে চট্টগ্রামে হাম পরিস্থিতিও অব্যাহত রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের ১৩ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৫ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে সন্দেহভাজন হাম রোগী ভর্তি হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৮২ জনে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ৭৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগরে ৪৮৬ জন এবং ১৫ উপজেলায় ২৫৭ জন শনাক্ত হয়েছেন।
এদিকে, সন্দেহভাজন হামে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১৩ জন এবং উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে।
ফলে চট্টগ্রামে একই সময়ে ডেঙ্গু ও হামের চাপ অব্যাহত থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে।
একদিকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, অন্যদিকে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন সন্দেহভাজন হাম রোগী।
