প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৪৯

নিজস্ব প্রতিবেদক: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাসে এ সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের দাঁত পরীক্ষা, স্কেলিং, ক্যাভিটি ফিলিং-সহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি মুখ ও দাঁতের সঠিক যত্ন এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

ফাউন্ডেশনের সেক্রেটারি, চিত্রশিল্পী ও সাংবাদিক এস. এম. আজিজুল কদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আকতার, ডেপুটি লাইব্রেরিয়ান মোহাম্মদ আলী, ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার সুকান্ত সরকার, সায়েন্টিফিক এক্সিকিউটিভ মোহাম্মদ ওয়াজেদ এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরফানুল হক তারেক।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফাউন্ডেশনের কর্মকর্তা, হেনা ডেন্টালের চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিরা আয়োজনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, “প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কেবল শ্রেণিকক্ষের একাডেমিক শিক্ষাতেই সীমাবদ্ধ নয়; সামাজিক দায়বদ্ধতা থেকে বিশ্ববিদ্যালয় সর্বদা জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকে। ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের এ উদ্যোগ শিক্ষার্থীদের দন্ত ও মুখের স্বাস্থ্য সচেতনতায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের যেকোনো সামাজিক প্রয়াসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির জানান, তাঁর প্রয়াত পিতা ফয়জুল কদিরের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি মানবকল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মের মাঝে দন্ত স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরি করতেই এই ফ্রি ক্যাম্পের আয়োজন। চট্টগ্রামের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁদের।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বিনামূল্যে এমন সেবা আয়োজনের জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই চিকিৎসাসেবা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, জনহিতকর এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল হেনা ডেন্টাল, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ. কে. ফজলুল হক গণপাঠাগার, মাস্টার এম. এ. মোতালেব পাঠাগার এবং সামাজিক সংগঠন ‘আমরা করব জয়’। দিনব্যাপী কর্মসূচির সফল সমাপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে সেবাগ্রহীতা, চিকিৎসক, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।