ঝরনায় ঘুরতে গিয়ে ‘ভয়ভীতি’, চবির দুই শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝরনা এলাকায় ঘুরতে গিয়ে এক দর্শনার্থীকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দুই শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে রাতে অভিযুক্তদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক দুই শিক্ষার্থী হলেন-ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং একই শিক্ষাবর্ষের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ অপি।

অভিযোগকারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারীর শিক্ষার্থী মো. আসহাব উদ্দিন জানান, শনিবার বিকেলে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝরনা এলাকায় ঘুরতে যান। সেখানে শিমুল ও তার দুই সহযোগী তাকে ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তার কাছ থেকে নগদ ১৫০ টাকা নেওয়া হয়।

পাশাপাশি বিকাশের মাধ্যমে আরও ১ হাজার ২০ টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন আসহাব উদ্দিন। অর্থাৎ মোট ১ হাজার ১৭০ টাকা নেওয়ার অভিযোগ করেছেন তিনি।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।

এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর খায়রুল ইসলাম সুজন বলেন, এক শিক্ষার্থী চবি ঝরনায় ঘুরতে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে ছবি ও ভিডিও ধারণের পর নগদ ও বিকাশে টাকা নেওয়ার অভিযোগ আসে।

অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে ভুক্তভোগী থানায় মামলা করলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি অভিযোগপত্রও দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা তৈরি হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও বিনোদনকেন্দ্রিক স্থানগুলোতে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।