চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া, কোতোয়ালী ও ডবলমুরিং—এই তিন থানায় দায়িত্ব পালনকারী ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রদবদল করা হয়েছে। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী মঙ্গলবার এক আদেশে এ সিদ্ধান্ত নেন।
আদেশ সূত্রে জানা গেছে, বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে কোতোয়ালী থানার দায়িত্ব দেওয়া হয়েছে। ডবলমুরিং মডেল থানার ওসি মো. শাহীনূর আলমকে পাঠানো হয়েছে বাকলিয়া থানায়। এছাড়া, ডবলমুরিং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে পদোন্নতি দিয়ে ওই থানারই ওসির দায়িত্ব দেওয়া হয়।
এর আগে সোমবার কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে ফাঁকা হওয়া সেই পদে নতুন দায়িত্ব পেলেন জাহেদুল কবির।
আদেশের বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে ও জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অতি দ্রুত কার্যকর করা হবে।
