কর্ণফুলীতে অপহরণের অভিযোগ, কেইপিজেডের দুর্গম পাহাড়ে মিলল দুই কিশোর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৩৭

চট্টগ্রামের কর্ণফুলীতে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) পশ্চিম পাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুই কিশোরকে উদ্ধার করেছে শিল্প পুলিশ-৩।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার কেইপিজেডের পশ্চিম পাশে বরগাঙ বৌদ্ধ বিহার এলাকায় তিন যুবক তাঁদের স্ত্রীদের নিয়ে ঘুরতে যান।

এ সময় ১০ থেকে ১৫ জনের একটি দল তাঁদের মধ্যে দুইজনকে ধরে পাহাড়ি এলাকার গভীরে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে তাঁদের সঙ্গে থাকা মো. আবির (২০) ও তিন নারীকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, অপহৃত দুই কিশোরকে ছেড়ে দেওয়ার বিনিময়ে মুঠোফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার পর ছাড়া পাওয়া ব্যক্তিরা শিল্প পুলিশ-৩-এর কেইপিজেড অস্থায়ী ক্যাম্পে বিষয়টি জানান। পরে পুলিশ সুপারের নির্দেশে এসআই (নিরস্ত্র) সুব্রত কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বরগাঙ বৌদ্ধ বিহার, মরিয়ম আশ্রমসহ আশপাশের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে।

পুলিশ জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে রাত সাড়ে ৮টার দিকে অপহরণকারীরা দুই কিশোরকে মরিয়ম আশ্রম এলাকার দুর্গম পাহাড়ে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় জড়িত হিসেবে মো. হাসান (১৭), পিতা মো. ফারুক, উত্তর বন্দর, কর্ণফুলী এবং মো. রাকিব (১৭), পিতা মো. ইসহাক, জুইদণ্ডী চৌমুহনী, আনোয়ারার নাম জানা গেছে।

পরে উদ্ধার হওয়া দুই কিশোরের অভিভাবকেরা কোনো আইনগত ব্যবস্থা নিতে আগ্রহী নন জানালে তাঁদের জিম্মায় দেওয়া হয় বলে জানান শিল্প পুলিশ।