লোহাগাড়ায় মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা

রায়হান সিকদার, লোহাগাড়া প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৯

চট্টগ্রামের লোহাগাড়ায় চুরি-ডাকাতি, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে সর্বস্তরের নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর (বুধবার) রাত ৯টার দিকে উপজেলা সদরে আল মদিনা কমিউনিটি সেন্টারের হল রুমে লোহাগাড়া থানা প্রশাসন ও এলাকাবাসীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক,দক্ষিণ জেলা বিএনপির সদস্য, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, আধুনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমপি পুত্র এটিএম জাহেদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, শিক্ষাবিদ মোহাম্মদ হোসেন, মাস্টার জাহাঙ্গীর আলম, খায়র আহমদ ম্যানেজার।

অনুষ্ঠানে এছাড়াও আব্দুল মান্নান, খোরশেদ আজম, আবুল কাশেম, মাস্টার রবিউল, তাজুল ইসলাম,মোরশেদ, শফিউল ইসলাম, জাহাঙ্গীর , তারেক কামাল চৌধুরী, সোহরাব উদ্দিন আবু হেনা, মিজানুর রহমান নিশান, মেম্বার হামিদ,সাবেক মেম্বার মোহাম্মদ সোহেল, মোঃ মামুন, আব্দুল হামিদ টিপু, কবি সোলাইমানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, লোহাগাড়ার বিভিন্ন এলাকায় নানাস্থানে বেড়েছে মাদকের ছড়াছড়ি। ফলে প্রায়ই ঘটছে চুরিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীরা ইভটিজিংয়ে শিকার হয় কিশোর গ্যাংয়ের কাছে। মারামারিসহ প্রকাশ্যে মাদক সেবন করছে এসব বখাটেরা। এসবের বিরুদ্ধে কেউ সহজে বলার সাহস পাচ্ছেনা। তাই আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বক্তারা আরও বলেন, অপরাধীদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। এলাকার কোন ছেলে অপরাধ করলে তাকে নিয়ন্ত্রণ করতে না পারলে সঠিক তথ্যনুযায়ী পুলিশের কাছে সৌপর্দ করতে হবে। পুলিশের দায়িত্ব শুধু একার নয়, এটা আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধী যেই হোক আমাদের সমাজ থেকে তাদেরকে বয়কট করতে হবে। কোন অপরাধীদের প্রশ্রয় দেওয়া যাবেনা।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, মাদক ব্যবসায়ি দেশ ও জাতির শত্রু। সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। পুলিশের পাশাপাশি সামাজিক ভাবে অপরাধীদেরকে বর্জন করতে হবে। অপরাধীদেরকে কোন প্রকার প্রশ্রয় দেওয়া যাবেনা। তিনি আরও বলেন, মাদক, চুরি, ইভটিজিং রুখে দিতে প্রথমে এলাকাবাসীকে সোচ্চার হতে হবে। এসব অপকর্ম বন্ধে থানা-পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। আমরা প্রতিনিয়ত মাদক উদ্ধারে কাজ করে যাচ্ছি। লোহাগাড়ার মতো মাদক উদ্ধার,অন্য কোন থানায় হয়নি। মাদক উদ্ধারে আমরা জিরো টলারেন্স নীতিতে রয়েছি।তাই উপজেলার প্রতিটি গ্রামে মাদক ও বখাটেমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন ওসি মোহাম্মদ আবদুল্লাহ।