আনোয়ারায় আগুনে পুড়ল তিন পরিবারের ঘর ও আসবাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৮:৫৩

চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকার আলীমিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের সদস্যরা হলেন জামাল আহমদ (৫৫), নজরুল ইসলাম ওরফে সোনা মিয়া (৪৫) এবং আবুল মনসুর (৩২)।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জামাল আহমদ জানান, রাত দুইটার দিকে হঠাৎ তাঁদের ঘরে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা।

মুহূর্তেই তাঁরা ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জামাল আহমদের দাবি, আগুনে তাঁর প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পাশের আরও দুটি পরিবারের প্রায় দুই লাখ টাকা করে ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তিন পরিবারের প্রায় ৯ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি জানান, অগ্নিকাণ্ডে তিন পরিবারের আনুমানিক তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় ১০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।