চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন, নদীতীর সংরক্ষণ এবং আধুনিক নগর যোগাযোগব্যবস্থার স্বপ্ন নিয়ে ২০১৭ সালে শুরু হয়েছিল কালুরঘাট-চাক্তাই সড়ক ও বাঁধ নির্মাণ প্রকল্প।
২ হাজার ৩১০ কোটি টাকার এই প্রকল্পের ব্যয় এরই মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৭৯ কোটি টাকায়। কিন্তু ব্যয় ও সময় দুটোই বাড়লেও মাঠপর্যায়ে চিত্রটি বেশ হতাশাজনক।
৮ বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি পুরোপুরি। এর মাঝেই নির্মাণকাজের গুণগত মান, পুরোনো বর্জ্য দিয়ে সড়ক ও বাঁধ নির্মাণ, নকশায় পবির্তন এবং ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে অনিয়মের গুরুতর অভিযোগে প্রকল্পটি এখন তীব্র বিতর্কের মুখে পড়েছে।
নিম্নমানের সামগ্রী ও পুরোনো বর্জ্যের ব্যবহার
প্রকল্পের সবচেয়ে বড় অভিযোগ উঠেছে নির্মাণসামগ্রীর মান নিয়ে। নতুন পাথর ও নির্ধারিত স্পেসিফিকেশনের উপকরণ ব্যবহারের কথা থাকলেও বিভিন্ন স্থানে পুরোনো ভবনের ভাঙা পাথর, ইটের খোয়া ও নির্মাণবর্জ্য ব্যবহারের প্রমাণ মিলেছে।
একই সঙ্গে বাঁধের মাটি ভরাটে নদী থেকে উত্তোলিত কাদামাটি ও বালু ব্যবহারের অভিযোগ রয়েছে। নালা নির্মাণে রডের পুরুত্বে অসংগতি এবং রাস্তার নিচের স্তরে নিম্নমানের উপকরণের ব্যবহার পুরো অবকাঠামোর স্থায়িত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এসব অনিয়ম রোধে উপকরণ ক্রয়ের বিল, সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্য এবং ল্যাব পরীক্ষার প্রতিবেদনগুলো জনসমক্ষে প্রকাশ করা জরুরি।
ভূমি অধিগ্রহণে বৈষম্য ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য
প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ বিতরণ প্রক্রিয়ায় মারাত্মক অসংগতি ও ভুক্তভোগীদের হেনস্তার অভিযোগ উঠেছে। একই এলাকার কাছাকাছি স্থাপনার ক্ষেত্রে কোথাও ১২ থেকে ১৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও অন্যদের মাত্র দুই থেকে তিন লাখ টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখনো তাঁদের প্রাপ্য অর্থ পাননি।
এর মধ্যে ক্ষতিপূরণের অর্থ ছাড় করতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, অনৈতিক অর্থ দাবি এবং সরকারি খাসজমি ব্যক্তিমালিকানা দেখিয়ে আত্মসাতের চেষ্টার মতো ঘটনাও ঘটেছে।
নকশা পরিবর্তন ও জলাবদ্ধতার শঙ্কা
অনুমোদিত নকশা অমান্য করে নতুন ব্রিজ এলাকায় সড়কের গতিপথ ঘুরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া নোমান কলেজসংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণ ও পরিবেশগত জটিলতায় কাজ থমকে আছে।
কয়েকটি এলাকায় অনুমোদিত কালভার্ট বাদ দিয়ে ড্রেনেজ ব্যবস্থায় পরিবর্তন আনায় পানিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
যথাযথ অনুমোদন ছাড়াই নকশা পরিবর্তনের ফলে প্রকল্পের কার্যকারিতা কতটা ব্যাহত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।
ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও প্রশ্নবিদ্ধ ভূমিকা
প্রকল্পটির মূল ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাজের মান ও উপকরণ পরীক্ষা নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন রয়েছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী রাজীব দাশের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে কোটি কোটি টাকা লোপাট হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প পরিচালক রাজিব দাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি, কোনো বক্তব্য মেলেনি। পরবর্তীতে তিনি বক্তব্য দিলে প্রতিবেদনে যুক্ত করা হবে।
সিডিএ চেয়ারম্যানের স্বীকারোক্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি
উন্নয়নকাজে গুণগত মানের ঘাটতির কথা স্বীকার করে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন গণমাধ্যমকে জানান, অনেক ক্ষেত্রে সড়কের ওপরের অংশ ভালোভাবে নির্মাণ করা হলেও নিচের স্তরের কাজে যথাযথ মান রক্ষা করা হয়নি। বর্তমান সময়ে নির্মাণকাজের মান নিশ্চিত করতে তদারকি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।
তবে নগর পরিকল্পনাসংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু মৌখিক তদারকি বাড়ালেই চলবে না, বরং প্রকল্পের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ব্যয়, ঠিকাদারি কার্যক্রম, উপকরণ ক্রয়, ল্যাব পরীক্ষা এবং ভূমি অধিগ্রহণের পূর্ণাঙ্গ ও স্বাধীন নিরীক্ষা হওয়া দরকার।
প্রকল্পের প্রতিটি টাকার হিসাব এবং কাজের মান নিশ্চিত না করা হলে বিপুল এই সরকারি বিনিয়োগের সুফল থেকে বঞ্চিত হবে বন্দরনগরীর মানুষ।
