দেশে ফেরার আনন্দ মিলিয়ে গেল কয়েক ঘণ্টায়, প্রাণ হারালেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৪:৩০

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরেছিলেন স্বজনদের কাছে। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে চট্টগ্রামে পৌঁছে সকালেই ফিরেছিলেন গ্রামের বাড়িতে।

কিন্তু স্বজনদের সঙ্গে সেই ফেরা দীর্ঘ হলো না। বাড়িতে ফেরার মাত্র কয়েক ঘণ্টার মাথায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। বিকেলেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. এনামুল হক (৫৮)।

শুক্রবার বিকেল চারটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকদের ধারণা, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

এনামুল হক চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান এনামুল হক। সেখানে একটি কোম্পানিতে সেলাইয়ের ডিজাইনার হিসেবে কাজ করতেন তিনি।

২০২৩ সালের শেষ দিকে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। পরে সেখানে অস্ত্রোপচার করানোর পর সুস্থ হয়ে আবারও কাজে যোগ দেন।

দীর্ঘ প্রবাসজীবন শেষে শুক্রবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সকাল নয়টার দিকে স্বজনদের সঙ্গে গ্রামের বাড়িতে ফেরেন। তবে বাড়িতে ফেরার তিন ঘণ্টার মাথায়, দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে বারইয়ারহাটের বিএম হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়।

বারইয়ারহাট বিএম হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. বিকাশ হালদার বলেন, দুপুর ১২টার দিকে এনামুল হককে হাসপাতালে আনা হয়।

প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়। তাঁর ধারণা, রোগী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

এনামুল হকের ভাতিজা আশরাফ হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার চাচা আজ সকালে দেশে ফিরেছেন। চাচা ও চাচাতো ভাই বিমানবন্দর থেকে তাঁকে বাড়িতে নিয়ে আসেন।

সকাল নয়টার দিকে বাড়িতে পৌঁছানোর পর অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রামে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি ব্রেন স্ট্রোক করেছেন।’

আশরাফ হোসেন আরও বলেন, এনামুল হকের তিনটি কন্যাসন্তান রয়েছে।