হলুদ গাউনে মাহির মুগ্ধতা, মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের জন্য চাইলেন ভোট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৪:১০

ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোয় পর্দা উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’ এর ৭৫তম আসরের।

আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাবজয়ী জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

প্রতিযোগিতার শুরু থেকেই নজরকাড়া সাজপোশাক, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসী উপস্থিতিতে আলোচনায় রয়েছেন তিনি।

সম্প্রতি সমুদ্রপাড়ের মনোরম পরিবেশে এক বিশেষ ফটোশুটে অংশ নিয়ে নতুন করে নজর কেড়েছেন মাহি। তাঁর পরনে ছিল চোখধাঁধানো হলুদ রঙের ফ্লোর-টাচ গাউন।

ফুল স্লিভের নান্দনিক পোশাকটির কোমরজুড়ে ছিল পাথরের সূক্ষ্ম কারুকাজ। এর সঙ্গে সাদা রঙের ‘বাংলাদেশ’ লেখা স্যাশে তাঁর উপস্থিতিতে যোগ করেছে আন্তর্জাতিক পরিচয়ের বিশেষ মাত্রা।

ফটোশুটের বিশেষত্ব ছিল, মাহি একা নন; তাঁর সঙ্গে একই ফ্রেমে দেখা গেছে আরও চার দেশের সুন্দরী প্রতিযোগীকে।

তাঁরা হলেন মিসরের সোনিয়া জারজিস, হংকংয়ের জেন ঝৌ, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েতজ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটোন।

সমুদ্রের মনোরম পটভূমিতে পাঁচ দেশের প্রতিনিধির এই সম্মিলিত উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে বাড়তি আগ্রহ।

ছবিগুলো প্রকাশের পর থেকেই মাহির ভক্ত ও অনুসারীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিকে ঘিরে তাঁদের প্রত্যাশাও বাড়ছে। শুধু গ্ল্যামার আর ফটোশুটেই সীমাবদ্ধ থাকতে চান না মাহি, প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে দেশবাসীর সক্রিয় সমর্থনও চাইছেন তিনি।

বিশেষ করে অফিশিয়াল ফ্যান ভোটিংয়ে বাংলাদেশের মানুষের পূর্ণ সমর্থন ও ভোট চেয়েছেন এই মডেল ও অভিনেত্রী।

তাঁর আহ্বান, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকে এগিয়ে নিতে দেশবাসী যেন ভোটের মাধ্যমে পাশে থাকেন।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘মিস ইউনিভার্স’এর ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। এখন মাহির চোখ সেই চূড়ান্ত মঞ্চে।

বিশ্বসুন্দরীদের এই আসরে বাংলাদেশের নাম কতটা উজ্জ্বল করতে পারেন তিনি, তা জানতে অপেক্ষায় দেশের ভক্ত-সমর্থকেরা।