এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, বদলে যেতে পারে বৈশ্বিক পারমাণবিক সমীকরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫০

বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা একই টেবিলে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে তাঁদের এই ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। আলোচনার কেন্দ্রে থাকতে পারে পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ ও বিশ্বজুড়ে অস্ত্রের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার নয়, শনিবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান মুখপাত্র অলিভিয়া ওয়েলস।

তিনি বলেন, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার সময় তিন দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওয়েলসের ভাষ্য অনুযায়ী, আলোচনায় অন্যতম গুরুত্ব পেতে পারে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে আলোচনা করবেন, যার বিস্তার প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন।’

বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের সম্ভাব্য এই আলোচনায় ইরান পরিস্থিতিও উঠে আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ আলোচনার তালিকায় থাকছে না বলে জানা গেছে। মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এখনো বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

এপি ও রয়টার্সের বরাতে জানা গেছে, একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

সম্ভাব্য এই বৈঠকের গুরুত্ব শুধু তিন নেতার একসঙ্গে বসার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিদ্যমান কাঠামো দুর্বল হয়ে পড়ার প্রেক্ষাপটে এটি নতুন কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিচ্ছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়। এর ফলে বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক অস্ত্রভান্ডারের ওপর বিদ্যমান বিধিনিষেধের অবসান ঘটে। একই সঙ্গে স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার দীর্ঘ অধ্যায়েও ছেদ পড়ে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে দ্রুত নতুন অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো তৈরির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে ট্রাম্পের অবস্থান, চীনকে অন্তর্ভুক্ত করে আগের চুক্তির চেয়ে আরও কার্যকর সমঝোতা সম্ভব। অন্যদিকে চীনও নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।

বিষয়টি নিয়ে এর আগে বিবিসির কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন সাবেক মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশ্লেষকেরা। তাঁদের মতে, নতুন কোনো চুক্তিতে বেইজিং ও মস্কোর সম্মতি আদায় করা কঠিন হতে পারে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক বছরও লেগে যেতে পারে।

একুশটি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে দুই দিনব্যাপী অ্যাপেক সম্মেলনে যোগ দিতে বুধবার রাতে শেনজেনে পৌঁছাবেন ট্রাম্প। পরদিন বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর দুই নেতার মধ্যে এটি হবে চতুর্থ বৈঠক।

অলিভিয়া ওয়েলস জানান, চীন সফরের শেষ পর্যায়ে ট্রাম্প যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্টকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন।

তাঁর ভাষায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং রুশ ফেডারেশনের প্রেসিডেন্টের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে তাঁর চীন সফর শেষ করবেন।’

তিনি আরও বলেন, ফিলিপাইনে আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণসহ ট্রাম্পের এই সফরের লক্ষ্য আমেরিকান জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য নিশ্চিত করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেওয়া।

তিন দেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য বৈঠক নিয়ে এখনো চীন ও রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে জানানো হয়, অ্যাপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

অন্যদিকে চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ধরনের আলোচনার প্রস্তুতির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

চলতি বছরের শুরুতে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে পৃথকভাবে আতিথেয়তা দিয়েছিলেন শি জিনপিং। পরে সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প। সূত্র: বিবিসি, এপি ও রয়টার্স।