চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আরকান সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগকে ঘিরে লোহাগাড়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ী, দোকান ও ভবন মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার বটতলী শহর পরিচালনা কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাপানি সংস্থা জাইকার নিয়োগকৃত প্রতিষ্ঠান কে.এম.সি. লিমিটেডের কর্মকর্তা ও পুনর্বাসন বিশেষজ্ঞ খাইরুল মতিন ও নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
এ ছাড়া লোহাগাড়া শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম চৌধুরী এবং সদস্য সচিব ছরওয়ার আক্তারসহ সংশ্লিষ্ট দোকান ও ভবন মালিকেরা অংশ নেন।
সভায় কে.এম.সি. লিমিটেডের প্রতিনিধিরা জানান, আরকান সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনার অংশ হিসেবে সড়কের উভয় পাশের কিছু দোকান, মার্কেট ও ভবন অপসারণের প্রয়োজন হতে পারে। এ কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, ক্ষতিগ্রস্ত স্থাপনার তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট মালিকদের মতামত জানতে মাঠপর্যায়ে কাজ করা হচ্ছে।
এ সময় সড়কের দুই পাশের সম্ভাব্য ক্ষতিগ্রস্ত স্থাপনার মালিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং পুনর্বাসনসংক্রান্ত পরিকল্পনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। মতবিনিময় সভায় সংশ্লিষ্ট ব্যবসায়ী, দোকান ও ভবন মালিকগন উপস্থিত ছিলেন।
