চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় মাদক কারবারের একচ্ছত্র আধিপত্য বিস্তার ও কিশোর গ্যাং গড়ে তুলে ত্রাস সৃষ্টির অভিযোগে ‘জেকি’ নামে এক শীর্ষ মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের নয়া মসজিদ এলাকা থেকে তাকে মাদকসহ আটক করা হয়।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাকলিয়ার তুলাতলী, ময়দার মিল ও মিয়াখান নগরসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহের মূল হোতা হিসেবে কাজ করছিল জেকি।
এলাকায় নিজের প্রভাব ও আধিপত্য ধরে রাখতে সে অল্পবয়সী ছেলেদের নিয়ে একটি সংঘবদ্ধ ‘কিশোর গ্যাং’ গড়ে তোলে। এসব কিশোরকে ব্যবহার করে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত সে।
এলাকাবাসীর অভিযোগ, জেকির বেপরোয়া কর্মকাণ্ডে ওই অঞ্চলের স্বাভাবিক পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছিল।
মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে স্থানীয়রা এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে পুলিশের অভিযানে জেকি আটক হওয়ায় পুরো এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
আটকের ঘটনায় স্বস্তি প্রকাশ করে সজিব নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “জেকি পুরো এলাকার জন্য একটি আতঙ্কের নাম ছিল। সে বিভিন্ন রিকশার গ্যারেজকে কেন্দ্র করে মাদক বিক্রি করত এবং তার নিজস্ব গ্যাং থাকায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না।
মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাকে আটক করায় বাকলিয়া থানার ওসিকে ধন্যবাদ জানাই। তবে এলাকায় আরও বড় বড় মাদক কারবারি সক্রিয় রয়েছে, আমরা তাদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে জেকি নামে একজনকে মাদকসহ আটক করা হয়েছে।
তিনি বলেন, “আটককৃত ব্যক্তি মাদক কারবার ছাড়াও অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে কি না, তা গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
