লোহাগাড়ায় আপন চাচাত ভাইয়ের বিরুদ্ধে দোকানের পেছনের দেয়াল ভেঙে মালামাল লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬ ০১:৫৯

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া স্টেশন এলাকায় পৈতৃক সম্পত্তিতে পরিচালিত একটি দোকানঘরের পেছনের দেয়াল ভেঙে বিপুল পরিমাণ মালামাল লুটের অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় দশ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক খোরশেদুল আলম (৩৩)। একই সঙ্গে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী খোরশেদুল আলম পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়ার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, পদুয়া স্টেশন এলাকায় মৌরশি সম্পত্তিতে অবস্থিত দোকানঘরটি দখলের চেষ্টা করে আসছেন তার চাচাতো ভাই মো. নাছির উদ্দিন (৪৫), মো. শাহাব উদ্দিন (৩৫), জসিম উদ্দিন (৩২) এবং তাদের সহযোগী মোহাম্মদ ইউসুফসহ কয়েকজন। একপর্যায়ে রাতের আঁধারে তার পরিচালনাধীন দোকানঘর থেকে মালামাল লুট করে তালা লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনি লোহাগাড়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।

ভুক্তভোগী খোরশেদুল আলম আরও জানান, অভিযোগের পর গত ১৭ নভেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় ব্যক্তিরা উভয় পক্ষের বক্তব্য শুনে দোকানঘরের তালার চাবি তাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং আগের মতো দোকান পরিচালনার অনুমতি দেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নির্দেশনা অনুযায়ী তিনি দোকানে চাল, গ্যাসের বোতলসহ বিভিন্ন মালামাল মজুত করেন।

তার দাবি, গত ২৩ নভেম্বর রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা দোকানঘরের পেছনের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানে থাকা প্রায় ৪২০টির বেশি চালের বস্তা, ২০টি গ্যাসের বোতলসহ আনুমানিক দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

খোরশেদুল আলম আরও বলেন, ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তিরা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেন। এতে নিরাপত্তাহীনতায় পড়ে তিনি ঘটনাস্থলের পাশের একটি নিরাপদ স্থানে চলে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সেখান থেকে সরে পড়েন বলে বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে খোরশেদ আলমের স্ত্রী ও তার ভাবী উপস্থিত ছিলেন।