বাকলিয়ায় পুলিশের অভিযানে বড় ইয়াবার চালান উদ্ধার

প্রকাশিত: ০৭ মে, ২০২৬ ১৮:৫৯

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে শহীদ বশরুজ্জামান গোলচত্বরসংলগ্ন পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. আরিফ উল্লাহ (২৩)। তিনি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কাঁধে ব্যাগ নিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি নতুন ব্রিজ এলাকায় অবস্থান করছেন।

পরে বাকলিয়া থানা–পুলিশ অভিযান চালিয়ে আরিফ উল্লাহকে আটক করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।