back to top

পাঁচ থানায় ওসি রদবদল করল সিএমপি,নেতৃত্বে নতুন মুখ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ০৫:০৯

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদায়ন করা হয়েছে বলে জানিয়েছে সিএমপি।

সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে মহানগর পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পুনর্বিন্যাসের ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন পদায়ন অনুযায়ী, কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খাঁনকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়েছে।

তার স্থলাভিষিক্ত হিসেবে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজ্জামেল হককে খুলশী থানার ওসি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে চকবাজার থানার ওসি বাবুল আজাদকে সিএমপি ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। চাঁদগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আর ডিবি দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে চাঁদগাঁও থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সিএমপি সূত্র জানিয়েছে, এটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ।

মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনতেই এ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট থানাগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান উন্নত হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।