back to top

শেষ মুহূর্তের গোলেই পানামার স্বপ্নভঙ্গ, ঘানার উল্লাস

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ০৬:১৭

বিশ্বকাপ ফুটবলের ‘এল’ গ্রুপে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে নাটকীয় জয় পেয়েছে ঘানা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকির জয়সূচক গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে উত্তেজনা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে বিরতিতে স্কোরলাইন ছিল ০-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বড় ধাক্কা খায় ঘানা। চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন দলের প্রথম পছন্দের গোলরক্ষক লরেন্স আতি-জিগি।

তার পরিবর্তে মাঠে নামেন বেনজামিন আসারে। গোলরক্ষক পরিবর্তনের ধাক্কা সামলেও পরে রক্ষণভাগে সংগঠিত থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ঘানা।

ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আসে নাটকীয় মোড়। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইরেনকি গোল করে ঘানাকে এনে দেন বহুল প্রতীক্ষিত জয়।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে ঘানার খেলোয়াড় ও সমর্থকরা। মাত্র এপ্রিলে দায়িত্ব নেওয়া কোচ কার্লোস কুইরোজ আবেগে মাঠে ছুটে যান।

খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের উদযাপনে উৎসবমুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

অন্যদিকে, টানা ব্যর্থতার ধারা অব্যাহত থাকল পানামার জন্য। বিশ্বকাপে নিজেদের চার ম্যাচের সবকটিতেই হার স্বীকার করতে হলো দলটিকে।

শেষ মুহূর্তে গোল হজম করায় এই হার আরও বেশি হতাশার হয়ে দাঁড়ায়।

এই জয়ে ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের সমান ৩ পয়েন্ট অর্জন করেছে ঘানা। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে।

আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানো ইংল্যান্ড রয়েছে গ্রুপের শীর্ষে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে পানামা ও ক্রোয়েশিয়া।