চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত আমির হোসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। মসজিদের দোতলায় তিনি বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আসরের নামাজে যথারীতি ইমামতি করেন আমির হোসেন। তবে মাগরিবের নামাজের সময় মুসল্লিরা মসজিদে গিয়ে তালাবদ্ধ দেখতে পান।
প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মনে করলেও রাতে আবারও মসজিদে তালা দেখে সন্দেহ তৈরি হয়।
একপর্যায়ে এলাকাবাসী মসজিদের দ্বিতীয় তলার জানালা দিয়ে ভেতরে উঁকি দিলে আমির হোসেনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পাগড়ি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
তবে তদন্তের স্বার্থে ওই চিরকুটের বিষয়বস্তু সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি এসআই রফিকুল ইসলাম।
নিহত আমির হোসেন বিবাহিত ছিলেন এবং তিনি দুই সন্তানের জনক। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, মুসল্লি ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

