চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানের সময় সন্দেহজনক আচরণের কারণে দুই যুবককে ধাওয়া দিয়ে আটক করা হয়েছে।
পরে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকার কামরাবাদ সংলগ্ন মেসার্স রাইসা স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার মো. সুমন ও সেলিনা আক্তারের ছেলে মো. তৌহিদুল ইসলাম সামির (২২) এবং কুমিল্লার মুরাদনগর থানার যাত্রাপুর এলাকার বাসিন্দা (বর্তমানে আতুরার ডিপো মীরপাড়া নিবাসী) মোহাম্মদ আলম ও জাহানারা বেগমের ছেলে মো. আলমগীর হোসেন সজীব (২০)।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনের নির্দেশনায় এবং বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিমের নেতৃত্বে এসআই পুলক চন্দ্র মন্ডল ও বিশেষ ফোর্স ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
এ সময় আতুরার ডিপো এলাকার সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচতলায় স্থাপিত চেকপোস্টে দুই যুবকের গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়।
পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও সন্দেহজনক হয়ে ওঠে।
পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নগরে অপরাধ নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবেই চেকপোস্ট পরিচালনার সময় অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

