জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৬ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।
মামলার ২২ আসামির মধ্যে ফজলে করিম চৌধুরীসহ পাঁচজন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি আসামিরা পলাতক।
এর আগে সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষ হয়।
টানা তিন কার্যদিবস ধরে আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে তাদের যুক্তি উপস্থাপন করে। শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।
মামলার নথি অনুযায়ী, গত ৫ এপ্রিল প্রসিকিউশন তিনটি অভিযোগে ফরমাল চার্জ দাখিল করে। এরপর ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ অভিযোগগুলো আমলে নিয়ে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন।
সর্বশেষ ২২ জুন প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে প্রাথমিক দায় প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানায়।
সবশেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আবেদন মঞ্জুর করে ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেন।
এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত বহুল আলোচিত এই ছয় হত্যা মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পরবর্তী ধাপে প্রবেশ করল।

