প্রলয় চৌধুরী মুক্তি : বোয়ালখালীকে সমৃদ্ধ করতে সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ।
তিনি বলেছেন, গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসব উদ্যোগের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ বলেন, “গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বোয়ালখালীকে সমৃদ্ধ করতে সরকারের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনার জন্য সবাইকে আন্তরিক হতে হবে।”
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা ইউসিসিএ লি.’র চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভুঁইয়া-র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, জেলা যুবদল নেতা মো. আজগর, ইউসিসিএ সদস্য মো. হাসান চৌধুরী এবং নিয়তি দেবী।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পাশাপাশি গ্রামীণ উদ্যোক্তা ও উপকারভোগীদের মধ্যে ঋণের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।
উন্নয়ন, প্রণোদনা ও অংশগ্রহণমূলক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের কর্মসূচি শেষ হয়।

