back to top

দাদার পিছু পিছু দোকানে যাচ্ছিল মোস্তাকিম, নালার স্রোতে নিভে গেল জীবন

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬ ১১:৪১

দাদার পেছনে পেছনে একটি দোকানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিল তিন বছরের ছোট্ট মোহাম্মদ মোস্তাকিম। পরিবারের কেউ কল্পনাও করেনি, সেই ছোট্ট পথচলাই হবে তার জীবনের শেষ যাত্রা।

টানা চার দিনের ভারী বর্ষণে ফুলে ওঠা নালার প্রবল স্রোতে পড়ে মুহূর্তেই ভেসে যায় শিশুটি। পরে স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।

নিহত মোহাম্মদ মোস্তাকিম ওই এলাকার মোহাম্মদ পারভেজ হোসেনের ছেলে। টানা চার দিনের বৃষ্টিতে নালার পানির স্রোত স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের সঙ্গে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।

দাদার পেছনে পেছনে হাঁটার সময় একপর্যায়ে সড়কের পাশ দিয়ে প্রবাহিত পানি চলাচলের নালায় পড়ে যায় সে। প্রবল স্রোতের কারণে মুহূর্তের মধ্যেই শিশুটি কিছুদূর ভেসে যায়।

পরে স্থানীয় এক সিএনজিচালিত অটোরিকশাচালক শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মোস্তাকিমকে মৃত ঘোষণা করেন।

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আকতার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “শিশুটি তার দাদার পেছনে পেছনে একটি দোকানের দিকে যাচ্ছিল। বৃষ্টির কারণে নালায় স্রোত থাকায় পড়ে গিয়ে শিশুটি ভেসে যায়। পরে আমার গাড়িতে করেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাই। তবে তাকে বাঁচানো যায়নি।”

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের টানা বর্ষণে এলাকার নালা ও পানি নিষ্কাশন পথগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি স্রোত সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অসতর্কতার সামান্য সুযোগও বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।

মোস্তাকিমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও বাড়ির পরিবেশ।

ছোট্ট শিশুটির এমন মর্মান্তিক মৃত্যু স্থানীয়দেরও গভীরভাবে ব্যথিত করেছে।