চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদের সাদিয়াস কিচেনের প্রধান রান্নাঘরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশ ও খাদ্য নিরাপত্তাবিষয়ক অনিয়মের প্রমাণ মিলেছে।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা।
অভিযান চলাকালে রান্নাঘরের বিভিন্ন স্থানে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে পচা ডিম, পচা ব্রেডক্রাম্প, ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির উপস্থিতি দেখা যায়। পাশাপাশি ফ্রিজারে উচ্ছিষ্টাংশসহ মুরগি সংরক্ষণ, মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই রাখা, খাদ্য প্রক্রিয়াকরণের জায়গায় মুরগির খামার এবং খোলা ড্রেনেজের মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে।
এ ছাড়া প্রতিষ্ঠানটি অনিবন্ধিত (মেয়াদোত্তীর্ণ নিবন্ধন) উপায়ে খাদ্যদ্রব্য উৎপাদন করছিল বলেও অভিযানে উঠে আসে।
এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় সাদিয়াস কিচেনের মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই সেই অর্থ আদায় করা হয়।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর একটি টিম সমন্বয় করে।
অভিযান শেষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, জনস্বার্থে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
