সন্ত্রাস-নাশকতার উদ্দেশ্যে অস্ত্র মজুদের অভিযোগ, দক্ষিণ রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার ৩

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৫:২৭

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি তাজা ১২ বোর কার্তুজ ও দুটি ব্যবহৃত (খালি) ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সরফভাটা ইউনিয়নের সৈয়দুরখীল এজাহার মিয়া ফকিরের বাড়ির মৃত সুলতান আহাম্মদের ছেলে মো. আরিফ (২৬), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বড়খোলা মিরেরখীল এলাকার মৃত মো. কামালের ছেলে মো. মনির হোসেন (২৩) এবং বড়খোলা মিরেরখীল এলাকার মো. হোসেনের ছেলে মো. রাকিব (১৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরফভাটা ইউনিয়নের সৈয়দুরখীল এলাকায় ইউসুফের চায়ের দোকানের পেছনে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে আরিফের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, মনির হোসেনের কাছ থেকে আরও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং রাকিবের কাছ থেকে দুটি তাজা ১২ বোর কার্তুজ ও দুটি ব্যবহৃত (খালি) ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পাহাড়ি এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ রাঙ্গুনিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

পরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।