লোহাগাড়া প্রতিনিধি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শেষ রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। একদল সশস্ত্র দুষ্কৃতকারী একটি বসতঘরে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান দ্রব্যাদিসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
১৭ আগস্ট (সোমবার) ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ তজু মুন্সীর গ্যারেজ এলাকার মরহুম মাস্টার জসিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্র জানায়, দুইতলা বিশিষ্ট ওই ভবনটিতে চার ভাইয়ের পরিবার যৌথভাবে বসবাস করে আসছিলেন। ঘটনার সময় প্রায় ১৫ জনের একটি সংগঠিত সশস্ত্র ডাকাত দল কৌশল অবলম্বন করে ভবনের নিচতলায় প্রবেশ করে। তারা প্রথমে জমির উদ্দিনের এবং পরবর্তীতে হেলাল উদ্দিনের বসতঘরে ঢুকে পড়ে।
ডাকাত দলের সদস্যদের হাতে বন্দুক, ধারালো ছুরি ও দেশীয় অস্ত্র ছিল। অস্ত্র উঁচিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও জিম্মি করে ভবনের নিচতলার দুটি ঘরে ব্যাপক তছনছ ও লুটপাট চালানো হয়। এ সময় ডাকাতরা নগদ প্রায় দেড় লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং একাধিক দামি স্মার্টফোনসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়।
তবে ডাকাত দলটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থানরত অপর দুই ভাইয়ের ঘরে প্রবেশ করতে ব্যর্থ হয়। এলাকা ত্যাগ করার সময় পুলিশের দ্বারে না যাওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে কঠোর হুমকি প্রদান করে তারা।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য মোজাম্মেল হক জানান, সশস্ত্র ডাকাতদের আকস্মিক আক্রমণে তারা জিম্মি হয়ে পড়েন এবং বাধা দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। লুণ্ঠিত সামগ্রীর মোট আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
