লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নয়াবাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টা দিকে জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে এই অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ-বিন-আখন্দ।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে কৃষকদের কাছে সার বিক্রির সত্যতা পাওয়ায় নয়াবাজারের মেসার্স ফেরদৌস ট্রেডিং-এর বিসিআইসি সার ডিলার মো. সোহেল (৩৪)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন আখন্দ বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।
কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রির ক্ষেত্রে সরকারি নির্ধারিত মূল্য ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিতভাবে তদারকি করা হবে।
অভিযানে জেলা এনএসআই, চট্টগ্রামের সদস্য, আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা অংশ নেন।
সুপ্রভাত চট্টগ্রাম/আরএসপি/রায়হান
