চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি মেসঘরে টাকার বিনিময়ে জুয়ার আসর বসানোর অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানের সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে এক বান্ডেল তাস ও নগদ ৩ হাজার ৭৭৫ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রোববার (৩০ আগস্ট) রাত পৌনে নয়টার দিকে সদরঘাট থানাধীন ডিএসপি ঘাট এলাকার একটি মেসঘরে অভিযান চালানো হয়।
এ সময় সেখানে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. হেলাল উদ্দিন (৪৪), পাবনার বাঙ্গুরা উপজেলার মেন্দা স্বর্ণকারপাড়ার মিজানুর রহমান (৫০), ভোলার শশীভূষণ উপজেলার দেওয়ানবাড়ি করিমপুর এলাকার মো. কামাল হোসেন (৩৭), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরলক্ষ্মী এলাকার মো. দিলদার (৩৬), ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ এলাকার মো. নজরুল (৪২) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ২ নম্বর খিরুদিয়া এলাকার বুলবুল (৩৫)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ছয়জনই বর্তমানে চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন ডিএসপি ঘাট এলাকায় বসবাস করেন।
অভিযানের সময় জুয়ার আসর থেকে এক বান্ডেল তাস ও নগদ ৩ হাজার ৭৭৫ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন মামলা করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
