দেশের বাজারে সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। তবে নতুন মাসে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেওয়ায় ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসজুড়ে লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার এ সিদ্ধান্তে নতুন মাসে পরিবহন ও ভোক্তা পর্যায়ে জ্বালানি ব্যয়ের ক্ষেত্রে কোনো নতুন পরিবর্তন আসছে না।
সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে এর প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল।
ওই প্রজ্ঞাপন অনুযায়ী, লিটারপ্রতি ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারিত ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে।
ফলে সেপ্টেম্বর মাসেও দেশের বাজারে আগের নির্ধারিত দামেই বিক্রি হবে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রল।
