চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে গোপনে চলছিল অস্ত্র তৈরির কাজ। বাইরে থেকে সাধারণ পরিবেশের আড়ালে ভেতরে চলছিল অবৈধ অস্ত্র প্রস্তুতের কার্যক্রম।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আকস্মিক অভিযানে সেই অস্ত্র কারখানার সন্ধান মিলেছে। অভিযানের সময় অস্ত্র তৈরির কাজে ব্যস্ত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে দুজনকে।
এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন, মির্জাপুর ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রীর বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং একই এলাকার মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তথ্যের সত্যতা যাচাই করে সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে অস্ত্র তৈরির কাজে ব্যস্ত অবস্থায় মো. জামাল হোসেন ও মো. কবিরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামগুলো সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।
তারেক আজিজ আরও বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে হাটহাজারী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
হাটহাজারীর মির্জাপুর এলাকায় গোপনে অস্ত্র তৈরির কারখানা পরিচালনার ঘটনায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং এই অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হতো-এসব বিষয়ও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
