উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন উজ্জল মজুমদার

রায়হান সিকদার, লোহাগাড়া প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উত্তর আমিরাবাদ মল্লিক ছোবাহান বারদোনা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,চট্টগ্রাম।

২১সেপ্টেম্বর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম স্বাক্ষরিত উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে উত্তর আমিরাবাদ মজুমদার পাড়ার বাসিন্দা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিধুভূষণ মজুমদারের ছেলে, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক শাখা ব্যবস্থাপক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব উজ্জল মজুমদার।

এই চারজন বিশিষ্ঠ এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত রাজ লক্ষী দত্ত, অভিভাবক সদস্য (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) সাইফুল ইসলাম ও পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুচ।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ তারিখের সংশোধনী এর প্রবিধান ৬৪ অনুসারে লিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটি স্মারকের উল্লেখিত তারিখ থেকে ছয় মাসের জন্য কমিটি অনুমোদন দেওয়া গেল।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকেরা আশাবাদ ব্যক্ত করে জানান, উজ্জল মজুমদার এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অগ্রণী ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ছিলেন। তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন। বিদ্যালয়ের সভাপতি উজ্জল মজুমদারের দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি উজ্জল মজুমদার বলেন, প্রথমে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ জেলা বিএনপির সদস্য, গেল জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন ভাইয়ের প্রতি, যার সার্বিক তদারকি ও জোর সুপারিশের কারণে এই মনোনয়ন সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী স্যার এবং বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম স্যারের প্রতি।

তিনি বলেন, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য সম্মানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার চেষ্টা করব।

বিদ্যালয়ের নতুন সভাপতি উজ্জল মজুমদার আরও বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামীতে উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ে আরও এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। আমার উপর এই পবিত্র দায়িত্ব অর্পণ করায় বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো। এই পথচলায় বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী,শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে, উত্তর আমিরাবাদ মজুমদার পাড়ার সন্তান, সাবেক অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক উজ্জল মজুমদার কে সভাপতি করায় উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ধন্যবাদ জানিয়েছেন।