চুনতিতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে মেশিন ও বালু সহ সরঞ্জামাদি জব্দ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৬ ০১:১৬

চুনতিতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে মেশিন ও বালু সহ সরঞ্জামাদি জব্দ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ড্রেজার মেশিন বসিয়ে সোনাছড়ি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চুনতি অভয়ারণ্য বিটের খানদিঘীর পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ পৃথক অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, ১অক্টোবর সকালে চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও চুনতি অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের টিম অভিযান চালিয়ে অবৈধধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ডিজেল মেশিন, ১টি ড্রেজার পাম্প, ১৪০ ফুট প্লাস্টিকের পাইপ ও ২টি কোদাল জব্দ করে।

অপরদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদ-বিন-আখন্দের নির্দেশনায় চুনতি ভূমি সহকারি কর্মকর্তা মনজুরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে স্টাফদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে ৫ হাজার ২৮০ঘনফুট বালু জব্দ করা হয়।

চুনতি অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, সোনাছড়ি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে টিলায় ধস দেখা দিয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

চুনতি ভূমি সহকারি কর্মকর্তা মনজুরুল ইসলাম চৌধুরী বলেন, ইউএনও স্যারের নির্দেশনায় সোনাছড়ি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযান পরিচালনা করে ৫ হাজার ২৮০ঘনফুট বালু জব্দ করা হয়। সেখানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়।