চোখের পলকে লণ্ডভণ্ড প্রাইভেটকার, অল্পের জন্য প্রাণে বাঁচল শিশুসহ পরিবার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৪:৪৬

চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হলেও অক্ষত রয়েছেন একই পরিবারের তিন সদস্য। তাঁদের মধ্যে পাঁচ মাস বয়সী একটি শিশুও রয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটিতে ছিলেন এক দম্পতি ও তাঁদের পাঁচ মাস বয়সী শিশুসন্তান। তাঁরা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন।

পথে রেললাইনে উঠে পড়লে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের তিন সদস্য। আহত হন গাড়ির চালক।

রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় রেললাইনে উঠে পড়ে প্রাইভেটকারটি। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। চালক আহত হয়েছেন, অন্য যাত্রীরা সুস্থ আছেন।

তাঁরা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন বলে জানা গেছে। তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বেঙ্গুরা খিতাপচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নতুন চালু হওয়া দুটি ট্রেনের একটি মহানগর এক্সপ্রেস।

ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১১টায় ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।