চমেকের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার চসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৪:৩০

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা না গেলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর আহ্বান, সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করলে রোগীদের স্বল্পমূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের কান্তা ছাত্রী নিবাসে আবাসিক ছাত্রীদের জন্য নবনির্মিত ‘দ্য স্টাডি লাউঞ্জ’ ও ‘দ্য প্রেয়ার হল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।

তাঁর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) সহযোগিতায় স্থাপনা দুটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন।

ডায়ালাইসিস সেবা চালু রাখার বিষয়ে প্রশাসক বলেন, ডায়ালাইসিস সেন্টারের সেবা যেন বন্ধ না হয়, সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সবাই মিলে চাই, রোগীরা যেন প্রয়োজনীয় সেবা পেতে থাকেন। কেন্দ্রীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা সম্ভব না হলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে-অর্থাৎ ২০২৭ সালের জুন-জুলাইয়ের দিকে-চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের সঙ্গে নিজের আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, এ প্রতিষ্ঠান থেকেই তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। ফলে কলেজের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং রোগীদের সেবার মানোন্নয়নে কাজ করাকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।

মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকার পরিচ্ছন্নতা, পরিবেশ উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনেও সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানান তিনি।

হাসপাতাল এলাকার বাইরের অংশের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ১০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশকে আরও সুন্দর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রশাসক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ।

সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে চট্টগ্রাম মেডিকেল কলেজকে আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

দেশ-বিদেশে প্রতিষ্ঠিত চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানটির গভীর আবেগ ও আত্মিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে ডা. শাহাদাত হোসেন বলেন, তাঁদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমে তাঁদের সম্পৃক্ত করা গেলে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশিদ জামিল, অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. ফয়েজ উদ্দিন, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. কামরুন নেছা রুনা, ডা. রাশেদা সামাদ, ডা. বাসনা মুহুরী, ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী ও ডা. ইমরোজ উদ্দিনসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।