জোরারগঞ্জে বাসে মিলল ১৭ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১১:৪১

চট্টগ্রামের জোরারগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় নাহার ফিড মিলের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আমিন (৩৭) ও দ্বীন মোহাম্মদ (২৭)। দুজনই কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার বাসিন্দা।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী নীলাচল পরিবহনের একটি বাসে যাত্রীবেশে গাঁজা নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে মস্তাননগর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টের কাছে বাসটি পৌঁছালে দুই যাত্রী তাঁদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন।

এ সময় এসআরবি সদস্যরা তাঁদের আটক করেন। পরে তাঁদের কাঁধের ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুই ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য জোরারগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।