কাগজে-কলমে তদন্ত ছিল ২০ কার্যদিবসের। আবেদন করে বাড়ানো হলো আরও ১০ দিন। টানা এক মাসের ‘পরিশ্রম’ শেষে যখন প্রতিবেদন জমা পড়ল, দেখা গেল দুর্নীতির মূল ইমারতটিই এড়িয়ে যাওয়া হয়েছে নিখুঁত চাতুর্যে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দুই কর্মকর্তার বিরুদ্ধে শতকোটি টাকার অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন আর টেন্ডার বাণিজ্যের পাহাড়সম অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটির কাজ শেষ হয়েছে।
কিন্তু অভিযোগের কেন্দ্রে থাকা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সেই আটতলা ভবনটির দিকে চোখই মেলেননি তদন্তকারীরা। ফলে দুর্নীতির অনুসন্ধানে যে কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির নিরপেক্ষতা ও উদ্দেশ্য নিয়েই এখন তৈরি হয়েছে বড় প্রশ্ন।
অভিযোগের তীর বিপিসি চেয়ারম্যানের সাবেক একান্ত সচিব (পিএস) ও বর্তমান উপ-ব্যবস্থাপক মো. আহম্মদুল্লাহ এবং উপ-ব্যবস্থাপক (বোর্ড) আশিক শাহরিয়ারের দিকে।
সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) পোর্টালে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়ার পর গত ১৮ আগস্ট গঠন করা হয়েছিল দুই সদস্যের তদন্ত কমিটি।
গত ৫ অক্টোবর সেই কমিটি রিপোর্ট জমা দিলেও, নথিপত্র পর্যালোচনায় স্পষ্ট-তদন্তের নামে চলেছে মূল সত্যকে আড়াল করার আনুষ্ঠানিকতা।
তদন্তের সবচেয়ে বড় গলদ ফুটে উঠেছে আহম্মদুল্লাহর স্ত্রী নুসরাত জেবিন সিনথীর নামে থাকা বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের আটতলা ভবনটিকে ঘিরে।
গত মে মাসেই সংবাদমাধ্যমে এই ভবনের তথ্য সামনে আসে। কিন্তু অনুসন্ধানের দায়িত্বে থাকা বিপিসির দুই কর্মকর্তা-আহ্বায়ক (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ নাজিম উদ্দিন ও সদস্য সচিব (ব্যবস্থাপক) মো. বদরুল ইসলাম ফকির-ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজনই বোধ করেননি।
জমির মালিকানা, নির্মাণকাজের অর্থের উৎস কিংবা বিশাল এই অট্টালিকার পেছনের কারিগর কারা-তার কিছুই ঠাঁই পায়নি প্রতিবেদনে।
সবচেয়ে বিস্ময়কর নীরবতা দেখা গেছে একটি নামফলক নিয়ে। ওই ভবনে চট্টগ্রামভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ‘বাশার গ্রুপ অব কোম্পানি’র মালিক আবুল বশর আবুর নামফলক ঝুলছে।
উল্লেখ্য, আবুল বশর বিপিসির অধীন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের চার্টারে চলা ২২টি ট্যাংকার জাহাজের একটি বড় অংশের নিয়ন্ত্রক।
একজন সরকারি কর্মকর্তার পরিবারের মালিকানাধীন ভবনে দেশের জ্বালানি পরিটাইট কোনো ব্যবসায়ীর নাম কেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা দূরে থাক, বিষয়টি ছোঁয়াও হয়নি।
ফাইল পর্যালোচনার নামে লিখিত ‘ছাফাই’
বিপিসির সংস্থাপন শাখা থেকে কর্মকর্তাদের ব্যক্তিগত ফাইল আর পদোন্নতির নথি ঘেঁটেই দায়িত্ব শেষ করেছেন তদন্তকারীরা। রিপোর্টে সগর্বে বলা হয়েছে-দুই কর্মকর্তা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, জেলা কোটার ব্যত্যয় ঘটেনি।
তবে মূল অভিযোগ যেখানে ছিল টেন্ডার সিন্ডিকেট, বদলি বাণিজ্য, এলসি অনিয়ম, এফডিআর কমিশন এবং চাঁদাবাজির মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়া-সেখানে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের অভাব দেখিয়ে পার করে দেওয়া হয়েছে।
আহম্মদুল্লাহর গ্রামের বাড়ি ঝালকাঠিতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটির বিষ্যেও একই নীরবতা বজায় রাখা হয়েছে।
আর অবৈধ সম্পদের বিষয়ে তদন্তকারীদের সোজা যুক্তি-যেহেতু বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে, তাই বিপিসির আর কিছু করার নেই! প্রশ্ন উঠেছে, নিজস্ব প্রশাসনিক তদন্তের ক্ষেত্রে দুদকের ওপর দায় চাপিয়ে হাত গুটিয়ে নেওয়া কতটুকু যুক্তিযুক্ত?
শাস্তির সুপারিশ নেই, আছে কেবল উপদেশের চাদর
অভিযোগ যত গুরুতরই হোক না কেন, দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রকার বিভাগীয় ব্যবস্থা বা শাস্তির সুপারিশ করেনি কমিটি। উল্টো সামগ্রিক প্রশাসনকে ‘ভালো থাকার’ তিনটি উপদেশ দিয়ে শেষ করা হয়েছে প্রতিবেদন:
১. তিন বছর পরপর কর্মকর্তাদের বদলি নিশ্চিত করা। ২. চেয়ারম্যানের পিএস বা সংবেদনশীল পদে সতর্কতার সঙ্গে পদায়ন। ৩. নিয়োগবিধি ও প্রবিধানমালা মেনে চলা।
কর্তৃপক্ষের জবানবন্দি ও আড়ালের চেষ্টা
তদন্ত কমিটির প্রধান নাজিম উদ্দিনের কাছে আটতলা ভবন ও সম্পদের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ফের দুদকের অনুসন্ধানের কথাই আওড়ান। তাঁর দাবি, তদন্তে কোনো অনিয়ম হয়নি। সদস্য সচিব বদরুল ইসলাম ফকিরের ভাষ্য, কোনরূপ চাপ ছাড়াই বাস্তবতার নিরিখে রিপোর্ট তৈরি করা হয়েছে।
তবে বিপিসির ভেতরেই উঠেছে বিপরীত সুর। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেই বলেছেন, মূল অভিযোগগুলোকে এড়িয়ে গিয়ে একটি দায়সারা প্রতিবেদন সাজানো হয়েছে।
এদিকে, বিপিসির সচিব শাহিনা সুলতানা জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে জিআরএস পোর্টালে প্রতিবেদনটি আপলোড করা যায়নি, সেটি সরাসরি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়গুলো কর্তৃপক্ষ বিবেচনা করছে।
সরকারি অর্থের হিসাব আর জ্বালানি খাতের স্বচ্ছতা রক্ষার দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা কীভাবে বৈধ আয়ের বাইরে গিয়ে কেরানীগঞ্জে বহুতল ভবন কিংবা ঝালকাঠিতে বিলাসবহুল ডুপ্লেক্স গড়ে তোলেন-সেই প্রশ্নের নিরপেক্ষ ফয়সালা না হলে বিপিসির অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না।
তদন্ত যদি লিখিত জবাবেই সীমাবদ্ধ থাকে আর মূল সূত্রগুলোকে আড়াল করা হয়, তবে ‘জিরো টলারেন্স’ কেবল কাগজেই থেকে যাবে।
এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চূড়ান্ত ও স্বাধীন অনুসন্ধানের দিকেই তাকিয়ে সচেতন মহল।
