গ্রেপ্তার এড়াতে গলায় ছুরি, শেষ পর্যন্ত পুলিশের জালে ১৩ মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৬:৩০

গ্রেপ্তার এড়াতে নিজের গলায় ছুরি ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দিয়েও শেষ রক্ষা হয়নি শাহ আলমের। পুলিশের অভিযানের মুখে এমন নাটকীয় পরিস্থিতি তৈরি করেও শেষ পর্যন্ত রেহাই পাননি তিনি।

কৌশলে তাঁকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের সদরঘাট থানা পুলিশ। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সদরঘাট থানা পুলিশের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর ভোরে সদরঘাট থানার আইচ ফ্যাক্টরি রোডে কলেজিয়েট স্কুলের বিপরীতে একটি ভাড়া বাসায় ঢুকে অস্ত্রের মুখে কয়েকজনের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন অভিযুক্তরা।

এ সময় ভাতিজার চিকিৎসার জন্য জমিয়ে রাখা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিতে বাধা দেন মানিক নামের এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর উরুতে ছুরিকাঘাত করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক আবু রায়হান সদরঘাট থানায় মামলা করেন। মামলায় শাহ আলমসহ চারজনকে আসামি করা হয়।

সদরঘাট থানার মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, শাহ আলমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে।

তাঁকে গ্রেপ্তার করতে গেলে তিনি নিজের গলায় ছুরি ধরে আত্মহত্যার হুমকি দেন।

তবে পরিস্থিতি সামাল দিয়ে কৌশলে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।