পদোন্নতি থেকে প্রাইজ পোস্টিং-সবই অভিজিতের কবজায়, বঞ্চিত সৎ বনকর্মীরা

‘এ’ ফরম থেকে ‘টিপি’: ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার প্রভাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬ ১৬:৫৬

বন বিভাগের অনেক কর্মকর্তা-কর্মচারী বছরের পর বছর দুর্গম ও অবহেলিত এলাকায় দায়িত্ব পালন করেন। পদায়ন কিংবা বদলির ক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত তদবির বা প্রভাব খাটানোর সুযোগ নেই। অথচ একই দপ্তরে ডেপুটি রেঞ্জার অভিজিত বড়ুয়ার কর্মজীবনের চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন।

চট্টগ্রাম অঞ্চলের একের পর এক আকর্ষণীয় ও লোভনীয় কর্মস্থলে তাঁর পদায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের আনুকূল্য, অর্থের প্রভাব এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি বারবার সুবিধাজনক কর্মস্থল বাগিয়ে নিয়েছেন।

শুধু পদায়ন নয়, বান্দরবানের পাল্পউড প্লান্টেশন বিভাগের সদর ও চেমী রেঞ্জে দায়িত্ব পালনকালে ভুয়া জোত পারমিট, জাল ‘এ’ ও ‘ডি’ ফরম এবং মনগড়া ট্রানজিট পাস (টিপি) ইস্যুর মাধ্যমে বনজ সম্পদ পাচারের একটি চক্র গড়ে তোলার গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগের কেন্দ্রে রয়েছে সরকারি ও সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান কাঠ কেটে পাচারের সুযোগ তৈরি, কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং সেই অর্থের একটি অংশ ঊর্ধ্বতন মহলে পৌঁছে দেওয়ার কথিত ব্যবস্থা।

বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পদায়ন নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। অভিযোগ, যাঁদের প্রভাবশালী তদবিরকারী কিংবা অর্থনৈতিক সামর্থ্য নেই, তাঁদের অনেককে বছরের পর বছর দুর্গম ও তুলনামূলক কম সুবিধাজনক কর্মস্থলে থাকতে হয়।

অন্যদিকে অভিজিত বড়ুয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ।

অভিযোগ অনুযায়ী, তাঁর সুবিধাজনক পদায়নের ধারাবাহিকতা শুরু হয় চট্টগ্রাম অঞ্চলের তৎকালীন বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সময়ে। ওই সময় তাঁকে পাল্পউড প্লান্টেশন বিভাগে পদায়ন করা হয়।

পরে ডিএফওকে নানামুখী চাপ প্রয়োগ এবং মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ফরেস্টার পদে থাকা অবস্থাতেই সদর ও চেমী রেঞ্জের দায়িত্ব একসঙ্গে কবজা করার অভিযোগ ওঠে।

সাধারণ প্রশাসনিক নিয়ম ও পদায়নের প্রচলিত ধারার বাইরে একজন ফরেস্টার কীভাবে একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ রেঞ্জের দায়িত্ব পেলেন, সেই প্রশ্নও তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এ ক্ষেত্রে কোনো বিশেষ প্রশাসনিক অনুমোদন ছিল কি না, থাকলে তার ভিত্তি কী-তা খতিয়ে দেখা প্রয়োজন।

ভুয়া ‘এ’ ফরম, ‘ডি’ ফরম ও টিপির অভিযোগ

বান্দরবানের পাল্পউড প্লান্টেশন বিভাগের সদর ও চেমী রেঞ্জে দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালনকালে অভিজিত বড়ুয়ার বিরুদ্ধে জালিয়াতির একটি বিস্তৃত প্রক্রিয়া চালুর অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভুয়া ‘এ’ ফরম সংগ্রহ করে গাছপালাহীন বাগান এলাকাকে স্থানীয় পাহাড়িদের নামে সাজানো জোত পারমিটের আওতায় দেখানো হতো। পরে এসব কাগজের ভিত্তিতে ভুয়া ‘ডি’ ফরম তৈরি এবং পরবর্তী সময়ে কাঠ পরিবহনের জন্য মনগড়া চলাচল পাস বা ট্রানজিট পাস (টিপি) ইস্যু করা হতো। সূত্র-ডিএস

এভাবে প্রায় শতাধিক অবৈধ ‘টেবিল জোত পারমিট’ তৈরি ও ব্যবহারের অভিযোগ উঠেছে। এসব পারমিটের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলের মূল্যবান কাঠ কেটে বৈধ কাগজপত্রের আড়ালে পরিবহনের সুযোগ করে দেওয়া হতো বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগ অনুযায়ী, কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে এ সুবিধার বিনিময়ে বস্তাভর্তি টাকা আদায় করা হতো। ঘনফুটের হিসাব অনুযায়ী সেই অর্থের একটি অংশ নিয়মিত ঊর্ধ্বতন মহলে পৌঁছে দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।

এর ফলে কথিত সিন্ডিকেটের সদস্যরা আর্থিকভাবে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল।

বান্দরবানের পর চট্টগ্রামেই আকর্ষণীয় পদায়ন

প্রচলিত বদলি ও পদায়নের রীতি অনুযায়ী বান্দরবান ও পাল্পউড প্লান্টেশন বিভাগে দায়িত্ব পালনের পর কক্সবাজার উত্তর বা দক্ষিণ বন বিভাগ কিংবা উপকূলীয় বন বিভাগে পদায়নের কথা বলে সংশ্লিষ্টদের দাবি।

কিন্তু অভিযোগ রয়েছে, ঊর্ধ্বতন মহলের বিশেষ আনুকূল্যে অভিজিত বড়ুয়া আবারও চট্টগ্রামের আকর্ষণীয় কর্মস্থলে দায়িত্ব পান।

সাবেক বন সংরক্ষকের সময়ে তাঁকে চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় কর্মস্থল বন ব্যবহারিক বন বিভাগের ‘বন ব্যবহারিক’ রেঞ্জে পদায়ন করা হয় বলে অভিযোগ রয়েছে।

সেখানে একটানা দুই বছরের বেশি সময় দায়িত্ব পালনের পরও তাঁর কর্মস্থল পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ বদলি-নীতির প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগকারীদের দাবি।

সর্বশেষ গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে বন সংরক্ষক মিহির কুমার দো স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে চট্টগ্রাম উত্তর বন বিভাগে পদায়ন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের কাছে এ বন বিভাগও একটি আকর্ষণীয় ও লোভনীয় কর্মস্থল হিসেবে পরিচিত।

ফলে প্রশ্ন উঠেছে, একই কর্মকর্তার ক্ষেত্রে বারবার কেন সুবিধাজনক কর্মস্থল নিশ্চিত হচ্ছে? তাঁর পদায়নের পেছনে প্রশাসনিক যোগ্যতা ও প্রয়োজনীয়তা কতটা কাজ করেছে, আর ব্যক্তিগত প্রভাব বা তদবিরের ভূমিকা কতটা-তা খতিয়ে দেখা দরকার।

রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন

অভিজিত কুমার বড়ুয়া নামে পরিচিত এই বন কর্মকর্তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগ রয়েছে, ২০১২-২০১৩ সালের দিকে চট্টগ্রামের পোমরা বিট, পোমরা চেক স্টেশন ও পোমরা নার্সারিতে একটানা প্রায় তিন বছর দায়িত্ব পালনকালে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবে গণজাগরণ মঞ্চের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন। ওই সময় বিএনপি-জামাতবিরোধী বিভিন্ন স্লোগানেও তাঁকে অংশ নিতে দেখা গেছে বলে অভিযোগকারীদের দাবি।

একজন সরকারি কর্মচারীর রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি তাঁর চাকরিবিধি ও সরকারি দায়িত্ব পালনের নিরপেক্ষতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়েও অনুসন্ধানের দাবি উঠেছে।

এ ছাড়া তাঁর চাচা রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তৎকালীন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ড. হাছান মাহমুদ এবং বন বিভাগের তৎকালীন বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের নাম ও পরিচয় ব্যবহার করে তিনি নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।

অভিজিত বড়ুয়ার ধারাবাহিক সুবিধাজনক পদায়ন এবং তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ বন বিভাগের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তাঁদের অভিযোগ, অর্থ ও প্রভাবের জোর থাকলে আকর্ষণীয় কর্মস্থলে থাকা যায়, আর সৎভাবে দায়িত্ব পালন করেও প্রভাবহীন কর্মীদের বছরের পর বছর দুর্গম এলাকায় পড়ে থাকতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, অভিজিত বড়ুয়ারা সব সময় ভালো ভালো পোস্টিং ভোগ করবেন, বহাল তবিয়তে থাকবেন। কারণ, তাঁদের টাকার ক্ষমতা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ আনুকূল্যও আছে। সাধারণ ও সৎ কর্মচারীদের ভাগ্যে এসব কখনো জোটে না।

এসব অভিযোগের বিষয়ে ডেপুটি রেঞ্জার (সরকারি ওয়েভসাইটের তালিকা অনুযায়ী বর্তমানে বন ব্যবহারিক রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়ার মুঠোফোনে যোগাযোগ করেও তার সাড়া না পেয়ে হোয়াটসঅ্যাপের ক্ষুধে বার্তা পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কোন মন্তব্য করেননি। পরবর্তীতে তার বক্তব্য পেলে প্রতিবেদনে যথাযতভাবে যুক্ত করা হবে।