আট মাসের মেয়ের মুখ আর দেখা হলো না, ডেঙ্গুতে চলে গেলেন প্রবাসী প্রকৌশলী পারভেজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ১৮:১০

দুই মাসের ছুটি কাটিয়ে আবার কাতারে ফেরার কথা ছিল তাঁর। দেশে এসেছিলেন স্ত্রী ও আট মাসের কন্যাসন্তানের কাছে। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সেই ফেরা আর হলো না।

মৃত্যুর আগে স্বজনের হাত ধরে নিজের বুকের ওপর রেখে মেয়ের দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেলেন কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। তাঁর শেষ কথাগুলো এখন স্বজনদের কাছে হয়ে আছে এক হৃদয়বিদারক স্মৃতি।

শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ। তাঁর মৃত্যুতে আট মাসের কন্যাসন্তান ফারহিনানা পারভেজ আয়রা ও স্ত্রী আছমিরা মেহনাজকে রেখে গেছেন তিনি।

পারভেজ বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাংলা পাড়া নুর হোসেন সওদাগরের বাড়ির আহম্মদ নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান পারভেজ। সেখানে ব্যবসা করতেন তিনি। প্রবাসজীবনে তিনবার ছুটিতে দেশে এসেছিলেন। এবার প্রায় ২০ থেকে ২৫ দিন আগে দুই মাসের ছুটি নিয়ে দেশে ফেরেন।

পারভেজের বাবা আহম্মদ নবী জানান, পাঁচ দিন আগে তাঁর ছেলের জ্বর শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর আগে পারভেজের শেষ মুহূর্তগুলোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর ছোট বোনের স্বামী গিয়াস উদ্দিন। তিনি জানান, হাসপাতালে পারভেজের পাশেই ছিলেন তিনি।

মৃত্যুর আগে হাতের ইশারায় তাঁকে কাছে ডাকেন পারভেজ। এরপর তাঁর ডান হাত নিজের বুকের ওপর রেখে বলেন, ‘আমি মনে হয় বাঁচব না। আমার ছোট্ট কলিজা মেয়েকে আপনার হাতে দিয়ে গেলাম।’

গিয়াস উদ্দিন বলেন, দুই বছর আগে দেশে এসে বিয়ে করেছিলেন পারভেজ। স্ত্রী আছমিরা মেহনাজের সঙ্গে তাঁদের আট মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়ের নাম ফারহিনানা পারভেজ আয়রা।

দুই মাসের ছুটিতে দেশে এসে স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটানোর কথা ছিল পারভেজের। ছুটি শেষে আবার কর্মস্থল কাতারে ফেরারও কথা ছিল।

কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সব পরিকল্পনা থেমে গেল। স্বজনদের কাছে ফিরলেও আর ফেরা হলো না প্রবাসের কর্মস্থলে।

শনিবার জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে পারভেজকে দাফন করা হয়।