মানবিকতাহীন ডিগ্রির কোনো মূল্য নেই: চট্টগ্রামের জেলা প্রশাসক

‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ০০:২৯

কর্ণফুলী উপজেলায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আমাদের অনেক বড় বড় ডিগ্রি আছে। কিন্তু সেই ডিগ্রি দিয়ে যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারি, বড়দের সম্মান করতে না পারি, ছোটদের ভালোবাসতে না পারি কিংবা সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে সেই ডিগ্রির মূল্য কী? আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই, যা মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়, দেশপ্রেম জাগ্রত করে এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে।”

 মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনি আরও বলেন, কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। অর্জিত জ্ঞান ও দক্ষতা মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল: ‘মেধা পাচার রোধে শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’। প্রতিযোগিতায় দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় বিজয়ী এবং আজিম-হাকিম স্কুল ও কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

শিক্ষার্থীদের যুক্তি ও উপস্থাপনার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চমানের বিতর্ক দেখে তিনি অভিভূত। তাদের আত্মবিশ্বাস ও বিশ্লেষণী ক্ষমতা প্রমাণ করে যে, বাংলাদেশের তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের যোগ্য হিসেবে তুলে ধরার পূর্ণ সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের সবচেয়ে বড় সম্পদ মেধাবী তরুণ প্রজন্ম। তাদের নিয়ে যত বেশি সৃজনশীল কাজ করা হবে, দেশ ও সমাজ তত বেশি উপকৃত হবে।”

শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার ওপর জোর দিয়ে তিনি বলেন, পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পৃথিবীর দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। বইয়ের বাইরে বিশ্বকে জানতে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে তুলে ধরার মতো করে তৈরি করতে হবে।

বিশ্বায়ন ও প্রযুক্তির বিকাশে কর্মসংস্থানের ক্ষেত্রগুলো বদলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যোগ্যতা থাকলে ঘরে বসেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাজ করা সম্ভব। তাই শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।

সফলতার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও দৃঢ়সংকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আত্মবিশ্বাস মানে শুধু নিজেকে জাহির করা নয়, বরং চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখা। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিশ্রম করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। এ প্রসঙ্গে তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড্রোন গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদাহরণের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী ক্ষমতার প্রসংশা করেন।

শিক্ষকদের ভূমিকা নিয়ে তিনি বলেন, শিক্ষকেরা আদর্শ ব্যক্তিত্ব হলে শিক্ষার্থীরাও সঠিক পথ চিনে নেবে। তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পরাজয় থেকে শিক্ষা নিয়ে নিজেকে সমৃদ্ধ করার জন্য এবং দেশের প্রতিটি উপজেলায় এমন সৃজনশীল আয়োজনের আহ্বান জানান তিনি।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

একই দিনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাগরিক সেবায় গাফিলতি না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দাপ্তরিক কাজ শেষ করার কঠোর নির্দেশনা দেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে নামজারি ও ভূমি সেবা সম্পর্কিত কাজের খোঁজখবর নেন এবং বিবিধ মামলার নিয়মিত শুনানির মাধ্যমে নাগরিক ভোগান্তি কমানোর নির্দেশ দেন। এ ছাড়া তিনি চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে একটি পাঠাগার উদ্বোধন করেন।