ফটিকছড়িতে ব্যবসায়ী আবছারকে লক্ষ্য করে প্রকাশ্যে চার রাউন্ড গুলি

হাত-পা-পেটে গুলিবিদ্ধ আবছার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১৩:৫৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে মো. আবছার চৌধুরী (৩২) নামের এক যুবককে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে একদল অস্ত্রধারী।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর তেমুহনী বাজারের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে। এতে শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি।

গুলিবিদ্ধ মো. আবছার চৌধুরী কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাহাব উদ্দিন চৌধুরীর ছেলে।

স্থানীয়ভাবে তিনি ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এলাকায় থানা-পুলিশের সোর্স হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। যদিও পুলিশ এই দাবি নাকচ করে তাঁকে পেশাদার সোর্স নয় বলে জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবছার চৌধুরী তাঁর দোকানে অবস্থান করছিলেন। এমন সময় তেমুহনী বাজারের দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী ঘটনাস্থলে আসে।

কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আবছারকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। হামলায় তাঁর শরীরের বিভিন্ন অংশে চার থেকে পাঁচটি জখম হয়।

আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের কাছে এই হামলায় জড়িত হিসেবে মো. কাদের ও মো. হারেছ নামের দুজনের নাম উল্লেখ করেন আবছার চৌধুরী।

তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে কিংবা অভিযুক্তদের সঙ্গে তাঁর কোনো পূর্ববিরোধ ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. মো. রাশেদুল ইসলাম জানান, আহত আবছারের হাত, পা ও পেটে গুলির চিহ্ন রয়েছে।

তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, দোকানে ঢুকে কয়েকজন অস্ত্রধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আহত আবছারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে পাঠানো হয়।

আবছার পুলিশের পেশাদার সোর্স নন বলেও দাবি করেন ওসি। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।