back to top

গন্তব্যে না গিয়ে ১৫ লাখ টাকার গার্মেন্টস পণ্য আত্মসাৎ, গ্রেপ্তার ৫

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১৩:৩২

চট্টগ্রামে আমদানিকৃত প্রায় ১৫ লাখ টাকার গার্মেন্টস পণ্য গন্তব্যে পৌঁছানোর আগেই আত্মসাৎ করার ঘটনায় মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) নগরীর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. বেলাল (২৯) এই ঘটনার মূলহোতা। তিনি পেশায় পণ্যবাহী গাড়িচালক।

গত ১৩ এপ্রিল চট্টগ্রাম বন্দরের এনসিওয়াই ইয়ার্ড থেকে ৩৭ রোল গার্মেন্টস পণ্য তাঁর গাড়িতে তোলা হয়। পণ্যগুলো নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত ‘সিমবা ফ্যাশন লিমিটেড’ কারখানায় পৌঁছে দেওয়ার কথা ছিল।

তবে নির্ধারিত গন্তব্যে না গিয়ে বেলাল তাঁর সহযোগীদের সঙ্গে যোগসাজশে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের পণ্য আত্মসাৎ করেন।

ভুক্তভোগী প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে বন্দর থানা পুলিশ তদন্ত শুরু করে।

একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার প্রথমে বেলালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন-মো. আনোয়ার (৩১), মো. ফারুক (৩২), মো. নাছির (৫২) ও মো. জসিম (৪১)।

অভিযানকালে আসামি নাছিরের স্বীকারোক্তি অনুযায়ী আত্মসাৎ করা কাপড়ের ছয়টি খাকি রঙের রোল উদ্ধার করেছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, আমদানিকারকের পণ্য কারখানায় না পৌঁছে দিয়ে কৌশলে আত্মসাৎ করা হয়েছিল।

চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।