চট্টগ্রাম নগরের কদমতলী রেলগেটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে অটোরিকশার চালক আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করছিল।
এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ঝুঁকি নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেনটি খুব কাছে চলে এলেও দ্রুত পার হওয়ার চেষ্টা চালান চালক। একপর্যায়ে ট্রেনের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ট্রেনে দায়িত্বে থাকা রেলওয়ের এক সদস্য জানান, সিএনজিটি রেললাইনে উঠে পড়ার পর লোকোমাস্টার একাধিকবার হুইসেল বাজিয়ে সতর্ক করেছিলেন।
তবে অল্প সময়ের ব্যবধানে ট্রেন থামানো সম্ভব হয়নি। ফলে দুর্ঘটনা এড়ানো যায়নি।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত সিএনজিটি রেললাইন থেকে সরিয়ে নেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান বলেন, দুর্ঘটনায় সিএনজি চালক আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দারা বলেন, কদমতলী রেলগেটে প্রায়ই ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করতে দেখা যায়। এ এলাকায় রেলক্রসিংয়ে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান তাঁরা।

